এসডিএফ-এর নতুন দুই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু | এসডিএফ বিদ্যানিকেতন পীরগঞ্জ ও বাগেরহাট
শিক্ষিত প্রজন্ম ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে এসডিএফ-এর নতুন দুই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) শিক্ষা, নৈতিকতা, মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগের পর এবার খুলনা ও রংপুর বিভাগে দুটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রতিষ্ঠান দুটি হলো—
এসডিএফ বিদ্যানিকেতন পীরগঞ্জ
ঠিকানা: মিঠিপুর, পীরগঞ্জ, রংপুর
এসডিএফ বিদ্যানিকেতন বাগেরহাট
ঠিকানা: শিবপুর, কচুয়া, বাগেরহাট
উভয় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জমির লীজ চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন ও স্বাক্ষরিত হয়েছে। এটি এসডিএফ-এর শিক্ষা বিস্তারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এসডিএফ বিদ্যানিকেতন পীরগঞ্জে অদূর ভবিষ্যতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন করে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, এসডিএফ বিদ্যানিকেতন বাগেরহাটকে একটি পূর্ণাঙ্গ গুরুকুল আদর্শভিত্তিক আবাসিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এসডিএফ বিশ্বাস করে, একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে সুশিক্ষিত, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার উপর। তাই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শুধুমাত্র পাঠ্যভিত্তিক শিক্ষা নয়, বরং ধর্মীয় মূল্যবোধ, শিষ্টাচার, মানবিকতা, আত্মমর্যাদা, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং সনাতনী ঐতিহ্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে একটি সুন্দর সমাজ নির্মাণে অবদান রাখবে।
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মনে করে, এ ধরনের বৃহৎ সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ কোনো একক ব্যক্তি বা একটি সংগঠনের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, অংশগ্রহণ, পরামর্শ, শ্রম, মেধা এবং শুভকামনাই এই উদ্যোগের প্রধান শক্তি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসডিএফ আগামী দিনের জন্য একটি আলোকিত, নিরাপদ, নৈতিক ও আত্মমর্যাদাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।
সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)